ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শ্রীলঙ্কার অনুরোধে যা বলল পাকিস্তান

 



আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে পাকিস্তানকে চিঠি দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে সেই অনুরোধে সাড়া না দিয়ে পিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ তারা রাখতে পারছে না এবং এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ না করে বাংলাদেশকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ দেয়। বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং সংহতি প্রকাশ করে পাকিস্তান ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে শ্রীলঙ্কা ক্রিকেট বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। এসএলসির মতে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে প্রত্যাশিত রাজস্ব ও পর্যটন আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার প্রভাব পড়বে দেশটির ক্রিকেট ব্যবস্থাপনাতেও। শ্রীলঙ্কা আরও স্মরণ করিয়ে দিয়েছে, অতীতে নিরাপত্তাজনিত কারণে যখন অনেক দেশ পাকিস্তানে সফর করতে অনিচ্ছুক ছিল, তখন শ্রীলঙ্কাই সেখানে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে আহ্বান জানানো হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে পিসিবির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তারা শ্রীলঙ্কার চিঠি পেয়েছে, কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের এবং বোর্ডের পক্ষে তা পরিবর্তন করা সম্ভব নয়। এদিকে, বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, এরপর ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে এবং সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক ভারত।

Next Post Previous Post

মন্তব্য করুন