কক্সবাজারে চার আসনে পোস্টাল ব্যালেটে ভোট দিয়েছে ২৮,৬৩০ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের চারটি আসনে মোট ২৮,৬৩০ জন ভোটার পোস্টাল ব্যালেটে ভোট দিয়েছেন। এই ভোটে অংশগ্রহণকারী ভোটাররা দেশের বাইরে ও ভেতরে অবস্থানরত প্রবাসী, সরকারি ও বেসরকারি চাকরিজীবী এবং কারাবন্দিরা। প্রথমবারের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে তারা এ ভোটাধিকার ব্যবহার করেছেন। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান জানান, নির্ধারিত সময়ের মধ্যে চারটি আসন থেকে সর্বমোট ২৮,৬৩০টি পোস্টাল ভোট গ্রহণ করা হয়েছে। এই ভোটের ফলাফল আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর প্রকাশ করা হবে।
আসনভিত্তিক হিসেবে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে সর্বাধিক ১০,৯১৭টি পোস্টাল ভোট পড়েছে। এছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৯,৬৩৫টি, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৪,২১২টি এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৩,৮৬৬টি ভোট পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে পোস্টাল ভোট গণনা হবে, যা নিয়মিত ভোট গণনার আদলেই সম্পন্ন হবে। প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। প্রতি ৩০০ ভোটের জন্য একজন সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ভোট গণনা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় হবে এবং প্রার্থীরা চাইলে সশরীরে উপস্থিত থেকে অথবা এজেন্ট নিয়োগের মাধ্যমে গণনা পর্যবেক্ষণ করতে পারবেন। স্ক্যানিং প্রক্রিয়ার মাধ্যমে ব্যালট যাচাইয়ের পর বাক্স খোলা হবে এবং স্বচ্ছভাবে গণনা সম্পন্ন করা হবে। প্রবাসীদের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশসমূহ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোট দিয়েছেন। এই পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে মূল্যায়ন করা হলেও পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে অনেক ভোটার পোস্টাল ভোট দিতে পারেননি।
.jpg)