কোন মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা আব্বাস?
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী হয়ে তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
পরে বিকেলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব আবারও তার হাতে এসেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের পরপরই জিয়াউর রহমানর নেতৃত্বে দলে যোগ দেন মির্জা আব্বাস এবং প্রথমদিককার নেতাদের একজন হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮০-এর দশকে হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৯০ সালের গণআন্দোলনেও গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে কাজ করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন এবং পরে ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন; তার মেয়াদকালেই ২০০৬ সালে ইমারত নির্মাণ বিধিমালার সংশোধনী আইন পাস হয়। নানা রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে আবারও গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরলেন তিনি।
