বিমান খাতে বড় চমক, মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যিনি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং বিকেলে বিমানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে। নতুন সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তার ওপর অর্পণের সিদ্ধান্তে যশোর অঞ্চলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করা অনিন্দ্য ইসলাম অমিতের রাজনৈতিক ও পারিবারিক পটভূমি বেশ সমৃদ্ধ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের পুত্র। শিক্ষাজীবনে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি ও ১৯৯৩ সালে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে এমবিএ সম্পন্ন করেন।
ছাত্রজীবনে তিনি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ছিলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে টিভি বিতর্ক প্রতিযোগিতায় ফজলুল হক হলের নেতৃত্ব দেন। শিক্ষাগত ও সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংযোগ জোরদারে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
