শেখ হাসিনার দুলাভাইয়ের বিএনপিতে যোগদান, রাজনৈতিক অঙ্গনে আলোড়ন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাজনীতির অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুলাভাই এ.এফ.এম. রেজা ফয়েজ মিয়ার বিএনপিতে যোগদান। তিনি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গার নুরপুর গ্রামে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে ফয়েজ মিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি উপস্থিত গ্রামবাসীর উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান, যা মুহূর্তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ফয়েজ মিয়া ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ছাড়াও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর মামা এবং শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও সাম্প্রতিক সময়ের নানা ঘটনাপ্রবাহ তার অবস্থান বদলের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জানা গেছে, গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে নাশকতার মামলা হলে তিনি গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকেই স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ান এবং দল পরিবর্তন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল।
বিএনপি উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ফয়েজ মিয়া উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষে থাকার অঙ্গীকার করেন। লাউডস্পিকারের মাধ্যমে তার বক্তব্য শোনানো হলে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ফয়েজ মিয়ার এই যোগদান ভাঙ্গা উপজেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন যোগদান বিএনপির জন্য বাড়তি শক্তি যোগাবে বলেই স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা।
