১৫ ফেব্রুয়ারি বাজারে আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম ও ভয়েস, ডেটা এবং কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে আনছে। প্রাথমিকভাবে রাজধানীর রমনা, গুলিস্তান ও গুলশান এলাকার বিটিসিএল বিক্রয়কেন্দ্র থেকে এই সেবা পাওয়া যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইনশাআল্লাহ ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম ও ট্রিপল-প্লে প্যাকেজ আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবার উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয় এবং প্রাথমিকভাবে বিটিসিএল টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা প্রদান করবে। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড মোবাইল ইন্টারনেট এবং অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যুক্ত থাকছে জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট দেখার সুযোগ। ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবাকে একীভূত করে গ্রাহকদের কোয়াড-প্লে সুবিধা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিটিসিএলের প্রথম এমভিএনও সিম ইতোমধ্যে সফলভাবে সচল হয়েছে এবং কল টেস্টসহ সব প্রযুক্তিগত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়।
