ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের অপেক্ষায় বাংলাদেশ


 আরও একটি সাফ শিরোপা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে লাল–সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। লিগ পর্বে ভারতের বিপক্ষে জয় পাওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর পিটার বাটলারের শিষ্যরা। নেপালের পোখারায় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় অন্নপূর্ণার পাদদেশে শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।


দুর্বার ও অপ্রতিরোধ্য—এই দুই বিশেষণ যেন এখন বাংলাদেশের নারী ফুটবলারদের জন্যই মানানসই। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষদের স্তব্ধ করে দিয়েছে আলপি আক্তারদের দল। এখন পর্যন্ত টুর্নামেন্টে ১৮টি গোল করেছে বাংলাদেশ। ভুটান তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও শক্তিশালী ভারত ও নেপালের বিপক্ষে গুনে গুনে ছয়টি গোল করেছে লাল–সবুজরা। এই ধারাবাহিক পারফরম্যান্সেই স্পষ্ট ফেবারিট হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ফাইনালের আগে দলকে মানসিকভাবে চাঙা রাখতে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বিশ্বাস করেন, ভারতের বিপক্ষে জিতে টানা সাফ শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। গণমাধ্যমে কিরণ বলেন, বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের সাফল্য নতুন নয়। ২০২২ ও ২০২৪ সালে পরপর দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফুটসালেও শিরোপা জিতেছে মেয়েরা।


তবে পোখারার বাজে মাঠ কিছুটা ভোগাচ্ছে বাংলাদেশকে। অনুশীলনে চোটে পড়েছেন কয়েকজন ফুটবলার, যাদের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গেল ম্যাচে খেলোয়াড়দের বিশ্রাম দিতে একাদশে একাধিক পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। তবুও অজুহাত নয়, জয়ের দিকেই তাকিয়ে আছে দল।

বাটলার বলেন, ভারতের শক্তি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, বরং ইতিবাচক মানসিকতা ও সেরা খেলাই হবে বাংলাদেশের মূল চাবিকাঠি। আগের আসরে যৌথ চ্যাম্পিয়ন হলেও এবার শিরোপা একাই জিততে চায় বাংলাদেশ।

Next Post Previous Post

মন্তব্য করুন