আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ


 শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। টানা উত্তেজনা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।


এর আগে, গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুরের দিকে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ তারিখেই নির্বাচন হোক। তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না হলে আমরা রাজপথ ছাড়ব না।”


সংঘর্ষের রেশ রাত পর্যন্ত গড়ায়। ঢাকা মেডিকেলে বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবি, জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবিতেই তারা যমুনার সামনে অবস্থান নিতে চেয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Next Post Previous Post

মন্তব্য করুন