নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল নিয়ে আপত্তি নেই বিএনপির: মাহদী আমিন

 


নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে ফলাফল যাই হোক না কেন বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান

, গত এক মাসে নির্বাচন কমিশনে উত্থাপিত বিএনপির বিভিন্ন অভিযোগের অনেকগুলোর সমাধান হয়েছে, কিছু ক্ষেত্রে বিলম্ব হয়েছে এবং কিছু অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, যেকোনো দলের অভিযোগের সত্যতা যাচাই করে নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় জেনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। 

মাহদী আমিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত নির্বাচনী প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জনসমর্থনের দিক থেকে বিএনপি শীর্ষ অবস্থানে রয়েছে। এই বাস্তবতা উপলব্ধি করেই বিরোধী পক্ষ অপপ্রচার, সহিংসতার ইঙ্গিত এবং ধর্মের অপব্যবহার করে ভোট চাইছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করে, তবে তা চরম নৈতিক অবক্ষয়ের উদাহরণ। ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে প্রকাশ্যে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের ভিডিও ভাইরাল হওয়াকে তিনি নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। আচরণবিধি ২০২৫ অনুযায়ী এ ধরনের অপরাধ শাস্তিযোগ্য উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Next Post Previous Post

মন্তব্য করুন